দেশে ভুট্টার চাহিদা আগামী কয়েক দশকে বহুগুণ বাড়তে পারে। উচ্চ চাহিদার একটি পরিস্থিতিতে বর্তমানের প্রায় ৭০ লাখ টন থেকে বেড়ে ২০৫০ সালে তা ১ কোটি ৭০ লাখ টনে পৌঁছাতে পারে। আমদানিনির্ভরতা আর জলবায়ু ঝুঁকির মধ্যে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।
রোববার ঢাকার বার্ক মিলনায়তনে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) আয়োজিত 'বাংলাদেশে টেকসই ও সহনশীল কৃষি-খাদ্যব্যবস্থার জন্য উদীয়মান চাহিদা ও কৌশলগত বিনিয়োগ' শীর্ষক জাতীয় পরামর্শসভায় এ তথ্য তুলে ধরা হয়।
কেন বাড়ছে চাহিদা
সিমিটের বাজার গবেষণা বিশেষজ্ঞ পিটার রুটসার্ট বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে কৃষিপণ্যের চাহিদা বাড়বে। ভুট্টার ব্যবহার বাড়বে মূলত পশুখাদ্য হিসেবে। দেশে পোলট্রি, মাছ ও গবাদিপশুর খামার যত বাড়ছে, খাদ্য তৈরিতে ভুট্টার প্রয়োজনও তত বাড়ছে।
করণীয়
সভায় বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যতের চাহিদা মেটাতে দেশীয় উৎপাদন বাড়াতে হবে, বীজব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং জলবায়ু-সহনশীল কৃষিতে বিনিয়োগ করতে হবে। আমদানিনির্ভরতা, মাটির উর্বরতা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কৃষিপণ্যের সরবরাহকে হুমকিতে ফেলছে বলে সতর্ক করেন তাঁরা।
কৃষি বিশেষজ্ঞদের মতে, ভুট্টা তুলনামূলক কম পানিতে চাষযোগ্য এবং উচ্চ ফলনশীল হওয়ায় চরাঞ্চল ও উত্তরাঞ্চলের কৃষকদের জন্য এটি লাভজনক বিকল্প হতে পারে। সঠিক নীতি সহায়তা পেলে আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগও তৈরি হবে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার





