সংগীতের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল প্রথম এআই মিউজিক অ্যাওয়ার্ডস। অন্তত আংশিকভাবে এআইয়ের সাহায্যে গান তৈরি করেছেন, এমন নির্মাতাদের সম্মান জানাতেই শুক্রবার ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে এই আয়োজন।
অনুষ্ঠানটির আয়োজক সনিক ইন্টেলিজেন্স একাডেমি, যারা এআই সংগীতের চার্ট এবং এআই দিয়ে তৈরি গান শনাক্তের প্রযুক্তি নিয়ে কাজ করে। একাডেমির সদস্য এআই শিল্পীরাই বিজয়ী বাছাই করেছেন।
এক অবতারের জয়জয়কার
বর্ষসেরা এআই শিল্পী, বর্ষসেরা গান ও বর্ষসেরা অ্যালবাম—তিনটি শীর্ষ পুরস্কারই জিতেছে জানিয়া মোনে নামের একটি এআই অবতার। আরঅ্যান্ডবি গান 'হাউ ওয়াজ আই সাপোজড টু নো?' দিয়ে পরিচিতি পাওয়া এই অবতারের গানই প্রথম এআইভিত্তিক কোনো শিল্পীর গান হিসেবে বিলবোর্ডের রেডিও চার্টে জায়গা করে নিয়েছিল।
জানিয়া মোনের স্রষ্টা তেলিশা 'নিকি' জোনস জানান, গানের সব কথা তিনি নিজেই লেখেন, পরে এআইয়ের সাহায্যে সুর ও সংগীত যোগ করেন। লাল গালিচায় তিনি বলেন, এআই সংগীতে মানুষকে ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে।
বিতর্ক থামছে না
এআই সংগীত নিয়ে শিল্পজগতে বিভাজন স্পষ্ট। বিভিন্ন রেকর্ড লেবেল কপিরাইটযুক্ত গান দিয়ে মডেল প্রশিক্ষণের অভিযোগে একাধিক এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে; প্রতিষ্ঠানগুলো 'ফেয়ার ইউজ' নীতির কথা বলছে। এলভিস প্রিসলির এস্টেটও মামলা করেছে। অনেক সংগীতশিল্পীর আশঙ্কা, এআইয়ের কারণে গায়ক, প্রযোজক, সাউন্ড ইঞ্জিনিয়ার ও গীতিকারদের কাজ কমবে।
সমর্থকেরা অবশ্য বলছেন, এআই একটি সৃজনশীল হাতিয়ার মাত্র; এর পেছনে মানুষই থাকে। অনুষ্ঠানের উপস্থাপক ড্রেক মারফির ভাষায়, সবাই এআইকে নকল বললেও এর পেছনের মানুষটি আসল।
তথ্যসূত্র: রয়টার্স, বিডিনিউজ২৪


