কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে ক্ষমতাসীন বিএনপি রাজপথে থাকলেও এবার মাঠে দেখা যাচ্ছে না জামায়াতে ইসলামী ও এনসিপিকে। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ ঠেকাতে এই দুই দল রাজপথে সক্রিয় ছিল। কিন্তু কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে মতবিরোধের কারণে এখন তারা দূরে রয়েছে।

জামায়াতের কৌশল

বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে জামায়াত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের উদ্যোগ নিলে তাতে সাড়া দিয়ে দলটি মাঠে নামতে প্রস্তুত। জামায়াতের ভাষ্য, সেই ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন।

আওয়ামী লীগ আরও বেশি সক্রিয় হলে তা প্রতিরোধে রাজপথে নামার প্রস্তুতিও রাখছে দলটি। জামায়াত নেতাদের মূল্যায়ন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ফিরবেন না। তবু ডিসেম্বরজুড়ে দলটির কর্মসূচি থাকবে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটেরও আলাদা কর্মসূচি থাকছে।

রাজনৈতিক সমীকরণ

বিশ্লেষকেরা বলছেন, গোপালগঞ্জকেন্দ্রিক উত্তেজনার মধ্যে বিরোধী দলগুলোর এই অবস্থান সরকারের জন্য একধরনের বার্তা। সরকার একা মাঠ সামলাবে, নাকি বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে অভিন্ন অবস্থান তৈরি করবে, সেটিই এখন দেখার বিষয়। ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন তাঁরা।

তথ্যসূত্র: সমকাল