বয়স ৩৯, তবু থামছেন না লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনের দীর্ঘ তালিকায় যোগ হলো আরেকটি সম্মাননা। কানাডাভিত্তিক প্রকাশনা ভ্যানটিক্স ম্যাগাজিন তাদের ২০২৬ সালের সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনার এই অধিনায়ককে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাগাজিনটি এ ঘোষণা দেয়। তারকাখচিত তালিকায় মেসি পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও লামিনে ইয়ামালকে। ম্যাগাজিনটি জানিয়েছে, পুরস্কারের বিস্তারিত মূল্যায়ন পরে প্রকাশ করা হবে।

বয়সকে হার মানানো মৌসুম

ইন্টার মায়ামির হয়ে চলতি বছর মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি। লিগে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। জিতেছেন লিগের গোল্ডেন বুট। আক্রমণভাগে এখনো দলের মূল ভরসা তিনি।

ক্লাবের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতেও এ বছর অবদান রেখেছেন মেসি।

উল্লেখ্য, ভ্যানটিক্সের এই সম্মাননা ফিফা বা ব্যালন ডি'অরের মতো আনুষ্ঠানিক পুরস্কার নয়; এটি একটি প্রকাশনার নিজস্ব মূল্যায়ন। তবু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও তরুণ তারকাদের ছাপিয়ে যাওয়া মেসির ধারাবাহিকতারই প্রমাণ বলে মনে করছেন ভক্তরা।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪