এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাওয়া জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে প্রযুক্তি দুনিয়ায় জোরালো সমর্থন তৈরি হয়েছে। রোববার পর্যন্ত ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ একটি খোলা চিঠিতে সই করেছেন, যাঁদের মধ্যে আছেন ইলন মাস্ক ও উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক।
চিঠিতে কী আছে
চিঠিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে দাবি জানানো হয়েছে, একটি স্বাধীন তদন্ত যতক্ষণ ঘটনার সত্যতা যাচাই করছে, ততক্ষণ হুয়াংকে স্বপদে ফিরিয়ে আনা হোক। সই করা পরিচিত মুখদের মধ্যে আরও আছেন গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের প্রতিষ্ঠাতা টিম সুইনি এবং সান ফ্রান্সিসকোর খ্যাতনামা স্টার্টআপ ইনকিউবেটর ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট গ্যারি ট্যান।
কেন সরে গেলেন হুয়াং
গত বৃহস্পতিবার পদত্যাগ করেন হুয়াং। এর মধ্য দিয়ে নিজের সহপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের শীর্ষ পদে তাঁর ৩৩ বছরের অধ্যায় শেষ হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর তিনি সরে দাঁড়ান। এর একটি এমন এক নারীর সঙ্গে, যাঁর বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে; অন্যটি এক অধস্তন কর্মীর সঙ্গে। হুয়াং বা এনভিডিয়া এসব অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এনভিডিয়া বর্তমানে প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসের অন্তর্বর্তী নেতৃত্বে চলছে। এর মধ্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেছেন, নতুন প্রধান নির্বাহী প্রতিষ্ঠানের বাইরে থেকে খোঁজা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপে এনভিডিয়ার একচ্ছত্র অবস্থানের কারণে কে এর হাল ধরবেন, তা নিয়ে উদ্বেগ পুরো প্রযুক্তি খাতে।
তথ্যসূত্র: এএফপি, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ২৪



