বিদেশি ভাষায় দক্ষতা বাড়িয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে এটি চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমেও তৃতীয় ভাষা যুক্ত হবে, যার শুরু হবে চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে।

বদলে যাওয়া চাহিদা

বাংলাদেশে মাতৃভাষা বাংলা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক। একসময় তৃতীয় ভাষা শেখা মূলত বিদেশে পড়াশোনার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দেড় দশকে পরিস্থিতি বদলেছে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানে চীনা, কোরীয়, জাপানি ও আরবি ভাষা শেখানো হচ্ছে বিদেশে ও দেশে বিদেশি প্রতিষ্ঠানে কাজের সুযোগ মাথায় রেখে।

ভাষা যেখানে আয়ের পথ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা নিয়ে পড়া মিয়াদ হোসাইন দ্বিতীয় বর্ষেই একটি চীনা প্রতিষ্ঠানে খণ্ডকালীন দোভাষীর কাজ শুরু করেন, মাসে আয় করতেন প্রায় ৪০ হাজার টাকা। দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আয়ও। এখন তিনি চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে মোবাইল যন্ত্রাংশ আমদানির ব্যবসা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে চীনা, জাপানি ও কোরীয় বিনিয়োগ বাড়ায় এসব ভাষায় দক্ষ জনবলের চাহিদা ক্রমেই বাড়ছে। তবে উদ্যোগটি কার্যকর করতে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক ও মানসম্মত পাঠ্যক্রম নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তাঁরা।

তথ্যসূত্র: বিবিসি বাংলা