ধরা যাক, রাত দুইটায় সৌদি আরবগামী একটি ফ্লাইটের সময়সূচি হঠাৎ বদলে গেল। ওই ফ্লাইটে টিকিট কেটেছেন একটি ট্রাভেল এজেন্সির কয়েক ডজন উমরাহযাত্রী। মক্কার হোটেল, বিমানবন্দর থেকে গাড়ি, ভিসার তারিখ—সবই সাজানো হয়েছিল আগের সময় ধরে। খবরটা যত দেরিতে পৌঁছাবে, যাত্রীদের ভোগান্তি তত বাড়বে।
এমন জরুরি পরিবর্তনে সাড়া দিতে একটি ট্রাভেল এজেন্সির একসময় লাগত চার ঘণ্টা, এখন লাগছে মাত্র ১২ মিনিট। যাত্রার আগে সময়সূচি বদলের খবর ধরার হারও ৬২ থেকে বেড়ে ৯৭ শতাংশ হয়েছে। এই বদলের পেছনের সফটওয়্যারটি লেখা হয়েছে ঢাকার পল্লবীতে বসে।
ঢাকা থেকে বিশ্ববাজারে
প্রতিষ্ঠানটির নাম ইনোভেট সলিউশন। ২০১৩ সালে ঢাকায় যাত্রা শুরু করা এই ভ্রমণপ্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার এখন ৪০টির বেশি দেশের ৬ হাজার ২০০-এর বেশি ভ্রমণ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে। পণ্যের নকশা, প্রকৌশল আর গ্রাহকসেবা—সবই চলে ঢাকার গবেষণা ও উন্নয়নকেন্দ্র থেকে।
কী সমস্যা সমাধান করে
একটি ট্রাভেল এজেন্সিকে প্রতিদিন অসংখ্য এয়ারলাইন, হোটেল ও পরিবহন সরবরাহকারীর সঙ্গে কাজ করতে হয়। বিভিন্ন প্রযুক্তি আর ব্যবস্থার মধ্যে সমন্বয় রাখা বড় চ্যালেঞ্জ। ইনোভেট সলিউশনের সফটওয়্যার এসব তথ্য এক জায়গায় এনে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন শনাক্ত ও জানানোর কাজ করে।
তথ্যপ্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, এমন বৈশ্বিক পণ্য তৈরির সাফল্য দেখায়, বাংলাদেশি প্রতিষ্ঠান শুধু আউটসোর্সিং নয়, নিজস্ব সফটওয়্যার পণ্য দিয়েও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে। এতে দেশে উচ্চ দক্ষতার কর্মসংস্থান ও রপ্তানি আয় দুটিই বাড়ে।
তথ্যসূত্র: প্রথম আলো




