মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক ছুঁয়েছে স্পেসএক্স। কক্ষপথে ২২ ঘণ্টার যাত্রা শেষে প্রতিষ্ঠানটির স্টারশিপ মহাকাশযান প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এই ঘটনা ঘটে। এক দিন আগে এই টাওয়ার থেকেই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল।

যেভাবে ফিরল

১৭১ ফুট (৫২ মিটার) উঁচু স্টারশিপ ঘন মেঘ ভেদ করে নেমে আসে। এরপর ইঞ্জিন পুনরায় চালু করে নিজেকে খাড়া অবস্থানে নেয় এবং ধীরে ধীরে টাওয়ারের 'মেকাজিলা' নামের বাহুর মাঝে নেমে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরার প্রচণ্ড তাপে কালচে হয়ে যাওয়া মহাকাশযানটি ইঞ্জিন বন্ধ করে নিশ্চল ঝুলে থাকে। এটিই ছিল এই রকেট ব্যবস্থার সবচেয়ে দীর্ঘ মিশন।

স্পেসএক্সের মিশন ধারাভাষ্যকার ড্যান হুয়ট মুহূর্তটিকে মহাকাশযাত্রার 'হারানো সংযোগ' ও বহু প্রতীক্ষিত লক্ষ্য হিসেবে বর্ণনা করেন।

কেন গুরুত্বপূর্ণ

স্পেসএক্স প্রায় এক দশক ধরে পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির চেষ্টা করছে। এর আগে স্টারশিপের প্রথম ধাপ বা বুস্টারকে টাওয়ারে ধরা সম্ভব হলেও কক্ষপথ থেকে ফেরা মূল মহাকাশযানকে ধরা ছিল আরও কঠিন চ্যালেঞ্জ। এটি সম্ভব হলে প্রতিবার নতুন রকেট বানানোর প্রয়োজন কমবে, মহাকাশ অভিযানের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা এবং বড় আকারের স্যাটেলাইট উৎক্ষেপণে নতুন সম্ভাবনা তৈরি করবে।

তথ্যসূত্র: রয়টার্স, বিডিনিউজ২৪