গাজীপুরের শ্রীপুরে গত জুলাইয়ের এক ভোররাতে পোশাকশ্রমিক নাসিমা আক্তারের কাছে মাদক কেনার জন্য তিন হাজার টাকা চেয়েছিলেন তাঁর স্বামী। টাকা দিতে রাজি না হওয়ায় দুই শিশুসন্তানের সামনেই ছুরিকাঘাতে খুন হন ২৭ বছর বয়সী এই নারী। এমন ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়।

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক খুন, ছিনতাই, পারিবারিক সহিংসতা, এলাকাভিত্তিক গ্যাং সংঘর্ষ ও সশস্ত্র হামলার পেছনে মাদক কেনার টাকা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ কিংবা পাওনা নিয়ে বিরোধের তথ্য মিলছে।

বিস্তার কতটা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণা বলছে, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করেন। এক হিসাবে, মাদকের পেছনে বছরে আনুমানিক ৫৯ হাজার কোটি টাকা খরচ হয়। একসময় সীমান্তবর্তী এলাকা ও বড় শহরের নাম বেশি আলোচনায় এলেও এখন আট বিভাগেই বিপুলসংখ্যক মানুষ মাদকে আসক্ত। মোট ব্যবহারকারীর সংখ্যায় ঢাকা এগিয়ে, তবে জনসংখ্যার অনুপাতে ব্যবহারের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ ও রংপুরে।

অভিযান অনেক, ফল সীমিত

মাদক নিয়ন্ত্রণে প্রতিবছর হাজার হাজার অভিযান চলছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি ইয়াবা বড়ি। এসব ঘটনায় ৪ লাখ ৩৫ হাজারের বেশি মামলায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষকে আসামি করা হয়েছে। তবু সরবরাহব্যবস্থা কতটা নিয়ন্ত্রণে এসেছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তিন বড় চ্যালেঞ্জ

সরকারি পরিসংখ্যান, গবেষণা ও আদালতের রায় পর্যালোচনায় তিনটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত হয়েছে: মাদকের ব্যাপক বিস্তার ও সহজলভ্যতা, মাদককেন্দ্রিক অপরাধ ও সহিংসতা এবং তদন্ত, বিচার ও চিকিৎসাব্যবস্থার ঘাটতি। বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযান নয়, চিকিৎসা ও পুনর্বাসনে বিনিয়োগ এবং মাদকের অর্থের উৎস খুঁজে বের করাও জরুরি। এদিকে মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তথ্যসূত্র: প্রথম আলো, দ্য ডেইলি স্টার