লিবিয়ার উপকূলে ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত নৌ ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার শিকার হওয়া রুশ যুদ্ধজাহাজ মারকারি ইউক্রেনের তৈরি সাতটি নৌ ড্রোনের আঘাতে ডুবে যায়। একই অভিযানে রাশিয়ার একটি কেএ-২৭ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়। এছাড়া বেনগাজি বন্দরের সিভিলিয়ান সিপপোর্টে নোঙর করে থাকা এমভি আঙ্গার নামক একটি কার্গো জাহাজও হামলার শিকার হয়। জাহাজটি জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য সেখানে থামিয়ে রাখা হয়েছিল।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কার্গো জাহাজের সব ক্রুকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। এই ঘটনার পর জাতিসংঘ সমর্থিত লিবিয়া মিশন গভীর উদ্বেগ প্রকাশ করে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। লিবিয়া এই যুদ্ধের কোনো পক্ষ নয় বলেও দেশটির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




