দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। শনিবার গভীর রাতে সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে গাজীপুরের শ্রীপুরে ব্যাংকটির টেংরা-শ্রীপুর শাখায়ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

সিলেটে যা ঘটেছে

গ্রামীণ ব্যাংক সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুল হোসেন জানান, রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরল জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে, পরে পূর্ব পাশে আগুন ধরিয়ে দেয়। ব্যাংকের এক কর্মচারী তা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেন। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কিছু নথিপত্র পুড়ে গেছে।

পিরোজপুরে বিএনপি অফিসে আগুন

এদিকে রোববার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বিএনপি নেতারা এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। ধারাবাহিক এসব ঘটনার পেছনে কারা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন এলাকায় ব্যাংক শাখা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

তথ্যসূত্র: সমকাল