হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন ছোট-বড় দুর্নীতির মুখে পড়ছেন সাধারণ মানুষ। চিকিৎসা যেন এখন দর–কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের ভাষ্য, স্বাস্থ্য খাতের দুর্নীতি কেবল ব্যক্তির অসদাচরণ নয়, বরং দুর্বল শাসনব্যবস্থার লক্ষণ।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

কমিশনের প্রতিযোগিতা

প্রতিবেদন অনুযায়ী, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিচ্ছে, আর এ নিয়ে কেন্দ্রগুলোর মধ্যে প্রতিযোগিতাও আছে। ফলে রোগীকে অনেক সময় অপ্রয়োজনীয় পরীক্ষা করাতে হয়, বাড়ে চিকিৎসার খরচ।

কী আছে প্রতিবেদনে

জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের ২৯ জনের একটি দল ১৯১ পৃষ্ঠার এ প্রতিবেদন তৈরি করেছে। ১১টি অধ্যায়ে চিকিৎসা নিতে গিয়ে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা, কমিশন, চিকিৎসায় অবহেলা, মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মস্থলে স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি, কেনাকাটা, চিকিৎসাশিক্ষা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। শেষ অধ্যায়ে দুর্নীতি প্রতিরোধে সুপারিশ রয়েছে। একটি অধ্যায়ের শুরুতে দেওয়া কার্টুনে দেখানো হয়েছে, রুগ্‌ণ সরকারি হাসপাতাল থেকে রোগীকে ঝকঝকে বেসরকারি হাসপাতালের পথ দেখিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনটি সম্পাদনা করেছেন হেলথ ওয়াচের আহ্বায়ক অধ্যাপক আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী ড. শামস এল আরেফিন।

প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত প্রতিবেদনটিকে খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আর্থিক দুর্নীতির মতোই নীতিগত ও কৌশলগত দুর্নীতিও সমান ক্ষতিকর। সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে, তবে এর সঙ্গে ঝুঁকিও আছে। প্রতিবেদনটি তাঁর কাজের জন্য একটি শিক্ষণীয় দলিল হবে বলে জানান তিনি।

তথ্যসূত্র: প্রথম আলো