দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো আবার শুরু হতে যাচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সংসদে জানিয়েছেন, নভেম্বরের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে।
খরচ বেঁধে দেওয়া হয়েছে
মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত অর্থের বেশি নিলে বা সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকাও প্রকাশের কথা জানান মন্ত্রী।
বিনা খরচের সুযোগও
এর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর একটি কর্মসূচিও চলছে। এর আওতায় মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরির জন্য অনলাইনে ৪ হাজারের বেশি আবেদন জমা পড়ে, লটারির মাধ্যমে প্রথম দফায় ৩০০ জনকে বাছাই করা হয়। সাক্ষাৎকারে অনেকে অনুপস্থিত থাকায় আরও ৫০ জনকে সুযোগ দেওয়া হয়েছে। এই কর্মীদের সব খরচ বহন করবে নিয়োগকর্তা প্রতিষ্ঠান। মন্ত্রণালয় পর্যায়ক্রমে এভাবে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে।
অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় সিন্ডিকেট ও অতিরিক্ত খরচের অভিযোগে বাজারটি বারবার বন্ধ হয়েছে। তাই এবার নির্ধারিত খরচ ও স্বচ্ছ প্রক্রিয়া কতটা মানা হয়, সেদিকে নজর রাখছেন অভিবাসনসংশ্লিষ্টরা। মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের দালালের প্রলোভনে না পড়ে সরকারি ঘোষণা অনুসরণের পরামর্শ দিয়েছেন তাঁরা।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, বোয়েসেল





