বহু বছর ধরে ধর্মের বিচারে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায় হলেও আগামী কয়েক বছরের মধ্যে সেই চিত্রে পরিবর্তন আসার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির 'দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০' শীর্ষক গবেষণায় বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে যাবেন মুসলমানেরা। বর্তমান বিশ্বের জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনা করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৩৬০ কোটি হতে পারে। তরুণ জনগোষ্ঠীর আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে এই বৃদ্ধি ঘটবে। এছাড়া ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসতে পারে পাকিস্তান। এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয়, নাইজেরিয়া তৃতীয়, ইন্দোনেশিয়া চতুর্থ এবং বাংলাদেশ পঞ্চম অবস্থানে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখ হতে পারে এবং সে সময় মোট জনসংখ্যার প্রায় ৯২ শতাংশ হবেন মুসলমান। একই সঙ্গে দেশের হিন্দু জনগোষ্ঠীর সংখ্যাও বাড়বে বলে গবেষণায় জানানো হয়েছে। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনমিতিক পরিবর্তনের ওপর ভিত্তি করে এই গবেষণাটি পরিচালনা করা হয়েছে।




