ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট, প্রিন্সেস অব ওয়েলস তিন দিনের সফরে ভারতে যাচ্ছেন। সফরের সব আয়োজন হবে মুম্বাইয়ে।
সফরসূচি
সফরের মূল আকর্ষণ মঙ্গলবার অনুষ্ঠেয় আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রাজদম্পতি। কেনসিংটন প্যালেস জানিয়েছে, এই বৈঠক প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন তাঁরা।
আর্থশট প্রাইজ কী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন সমাধান খুঁজে বের করতে ২০২০ সালে এই বার্ষিক পুরস্কার চালু করেন প্রিন্স উইলিয়াম। প্রতিবছর পাঁচজন বিজয়ী প্রত্যেকে ১০ লাখ পাউন্ড (প্রায় ১৩ লাখ ডলার) পান, যাতে তাঁরা নিজেদের প্রকল্প আরও বড় পরিসরে নিতে পারেন। কেনসিংটন প্যালেসের এক মুখপাত্রের ভাষায়, এই উদ্যোগের লক্ষ্য হতাশার জায়গায় সম্ভাবনাকে তুলে আনা।
এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রামি মালেক। ব্রিটিশ ব্যান্ড টেক দ্যাট প্রথমবারের মতো ভারতে পরিবেশনা করবে।
কেটের জন্য গুরুত্বপূর্ণ সফর
২০২৪ সালে ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে প্রতিরোধমূলক কেমোথেরাপি নেওয়ার পর এটিই কেটের সবচেয়ে বড় বিদেশ সফর। বর্তমানে তিনি রোগমুক্ত অবস্থায় আছেন। এর আগে মে মাসে শিশুদের প্রারম্ভিক বিকাশ নিয়ে দুই দিনের একক সফরে ইতালি গিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: রয়টার্স, বিডিনিউজ২৪




