চেক প্রজাতন্ত্রে সরকারি সম্প্রচারমাধ্যমের অর্থায়ন নিয়ে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্রাগে বড় বিক্ষোভ হয়েছে। রোববার শহরের লেটনা পার্কে জড়ো হন বিপুল মানুষ; আশপাশের মেট্রো স্টেশনগুলোতেও ভিড় উপচে পড়ে।

আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা মার্চে হওয়া দুই লাখের বেশি মানুষের সরকারবিরোধী বিক্ষোভকেও ছাড়িয়ে গেছে। তাঁদের ধারণা, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি হতে পারে দেশটির সবচেয়ে বড় সমাবেশ।

সরকারের পরিকল্পনা

প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিসের সরকার পরিবারপ্রতি মাসিক ২০৫ ক্রাউনের (প্রায় ৯ ডলার) সম্প্রচার ফি বাতিল করে সরকারি গণমাধ্যমের খরচ রাষ্ট্রীয় বাজেট থেকে দিতে চায়। খসড়া আইনে তহবিল ১৫ শতাংশ কমানোর প্রস্তাবও আছে, যাতে টেলিভিশনের বাজেট ২০০৮ সালের এবং রেডিওর বাজেট ২০০৫ সালের পর্যায়ে নেমে যাবে। বিলটি প্রাথমিক ভোটে পাস হয়েছে।

সরকারের যুক্তি, এতে মানুষের আর্থিক চাপ কমবে। বাবিস ও তাঁর মিত্ররা দেশের গণমাধ্যমকে পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করে আসছেন।

সমালোচকদের শঙ্কা

বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর মতে, বাজেটের ওপর নির্ভরশীল হলে সরকারি সম্প্রচারমাধ্যম রাজনৈতিক চাপে পড়বে এবং স্বাধীনতা হারাবে। কেউ কেউ হাঙ্গেরিতে ভিক্টর অরবানের আমলে সরকারপন্থী গণমাধ্যম গড়ে তোলার উদাহরণ টানছেন। সমাবেশের আয়োজক নাগরিক সংগঠন 'মিলিয়ন চভিলেক'-এর প্রধান মিকুলাস মিনার বলেন, নির্বাচিত সরকারেরও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার অধিকার নেই।

বিক্ষোভকারীদের হাতে ছিল 'গণমাধ্যম থেকে হাত সরাও' লেখা প্ল্যাকার্ড। ১৭ নভেম্বর ভেলভেট বিপ্লবের বার্ষিকীর কয়েক দিন আগে এই সমাবেশ হলো।

তথ্যসূত্র: রয়টার্স, বিডিনিউজ২৪