বিশ্বরাজনীতির তিন প্রধান শক্তির নেতারা প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ১৯ নভেম্বর দক্ষিণ চীনের শহর শেনজেনে প্রেসিডেন্ট শি চিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রিপক্ষীয় বৈঠক করবেন।

বিবৃতিতে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) নেতাদের সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে। ক্রেমলিন ও হোয়াইট হাউস আগেই এই বৈঠকের কথা নিশ্চিত করেছিল।

কী নিয়ে আলোচনা

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ট্রাম্প মূলত পারমাণবিক অস্ত্রভান্ডার কমানো নিয়ে আলোচনা করতে চান। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এই বৈঠকের আলোচ্যসূচিতে থাকছে না বলে জানিয়েছেন তাঁরা।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানিয়েছেন, সম্প্রতি এক বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় ইউক্রেন প্রসঙ্গ আনার কথা উঠলে শি বিরক্তি প্রকাশ করেন। শি তখন বলেছিলেন, এটি ইউরোপের সংঘাত, তাই আলোচনায় ইউরোপীয়দেরও থাকতে হবে।

চীনের পুরোনো অবস্থান

পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রশ্নে চীন দীর্ঘদিন ধরে বলে আসছে, নিজেদের অস্ত্রভান্ডার নিয়ে আলোচনার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল ভান্ডার কমাতে হবে। ফলে এই বৈঠক থেকে বড় কোনো সমঝোতা আসবে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় আছে। তবে তিন নেতার একসঙ্গে বসাটাই একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: এএফপি, দ্য ডেইলি স্টার